রাত গভীর। চারদিক নিস্তব্ধ।
সবাই যখন ঘুমিয়ে, আমি তখন জেগে।
আমি এই বিদ্যালয়ের নৈশ প্রহরী —
নিঃশব্দে পাহারা দিই প্রিয় শিক্ষালয়টিকে।
দিনভর কোলাহলে মুখর যে আঙিনা,
রাত হলে সেখানেই নামে নীরবতার চাদর।
তবু আমি শুনি বাতাসের সুর,
পাতার মৃদু মর্মর, কিংবা দূরের কুকুরের ডাক।
এই বিদ্যালয়ে শিখছে আমাদের ভবিষ্যৎ,
তাদের স্বপ্ন আমি পাহারা দিই।
চোর-ডাকাত নয়, ভয় আমার
ভবিষ্যৎ অন্ধকারে না হারিয়ে যায়!
রাত পেরিয়ে ভোর আসে ধীরে,
সূর্যের আলোয় জেগে ওঠে সব আবার।
আমি তখন হাঁটি ক্লান্ত পায়ে,
তৃপ্ত মনে — কারণ আমার প্রহরী জীবনের
প্রতি রাতই এক একটি নতুন প্রত্যয়।
মোঃ রাশিদুল ইসলাম
পদ্মা উচ্চ বিদ্যালয়
চারঘাট, রাজশাহী
